
রাজবাাড়ীর শ্রীপুরে রাতে মহাসড়কে গরুবাহী ট্রাক আটকিয়ে ১১টি গরু ও নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ জন গরুর ব্যাপারী আহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনায় ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন- বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকার বাসিন্দা হেলাল গাজী ও মিনহাজ গাজী। ঘটনার সময় তাদের সঙ্গে আরও দুজন সহকর্মী ছিলেন।
ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, সোমবার ভোররাতে রাজবাড়ীর পাংশা উপজেলার মহাসড়কের পাশের একটি হোটেলে খাবার খেয়ে গরুবাহী ট্রাক নিয়ে রাজবাড়ী শহরের দিকে রওনা হন তারা। পথে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের ট্রাকের গতিরোধ করে। পরে ওই ট্রাক থেকে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে নেমে আসে। একপর্যায়ে তারা গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে সেটি রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে যান। সেখানে ট্রাকে থাকা ১১টি গরু নিজেদের ট্রাকে তুলে নেন। এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেন তারা। এ সময় ব্যবসায়ীরা বাধা দিতে গেলে ডাকাতদলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দুই ব্যবসায়ী আহত হন। পরে গরু পরিবহনে ব্যবহৃত ট্রাকটি ও ব্যাপারীদের ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা।
এ ঘটনায় মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ভুক্তভোগী ব্যবসায়ীরা বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা করেছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লুট হওয়া ট্রাক ও গরু উদ্ধারে অভিযান চলছে।
আরটিভি/এমএইচজে


