
বগুড়ায় ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবিকে কেন্দ্র করে মনিরুল ইসলাম গালিব (১৫) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সে শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মাহবুব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় খান্দার এলাকার পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। এ সময় সে ধূমপান করছিল। স্থানীয় মিশু (২১) নামে এক যুবক তার ধূমপানের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গালিবের কাছে ৫০০ টাকা দাবি করেন তিনি।
এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২১) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিশু ও রোহিত বাবু গালিবের বুক ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, এ ঘটনায় জড়িত মিশু, বাবু ও জিসান নামে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়েছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরটিভি/ এসকেডি




