ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে ‘খামখেয়ালির রাজা’ ভাবেন এই ভোক্তা অধিকার কর্মকর্তা

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

পরীক্ষাগারে কোনো ধরনের নমুনা পরীক্ষা ছাড়াই কারখানার কাঁচামালকে ‘ভেজাল’ আখ্যা দিয়ে দুই লাখ টাকা জরিমানা, ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে।

এছাড়া অভিযানের ঘটনা নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেওয়ারও অভিযোগ করেছে ভুক্তভোগী প্রতিষ্ঠান গ্রিন বায়োটেকনোলজি।

এসব ঘটনা ঘটে জামালপুরের মেলান্দহ উপজেলার সুন্সি নাংলা এলাকায় গ্রিন বায়োটেকনোলজির উৎপাদন কারখানা প্রতিষ্ঠানে।

এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক প্রতিকার, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং আদায় করা জরিমানার অর্থ ফেরত ও ধ্বংস করা কাঁচামালের ক্ষতিপূরণ চেয়ে রোববার (২২ নভেম্বর) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর) দুপুরে সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম কারখানাটি পরিদর্শনে যান। সে সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং কারখানার উৎপাদন কার্যক্রম ও সংরক্ষণাগার পরিদর্শনে সহযোগিতা করেন। পরিদর্শনকালে কারখানায় সংরক্ষিত কিছু কাঁচামাল তার নজরে আসে। প্রতিষ্ঠানটির দাবি, ওই কাঁচামালগুলো কারখানার নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পুনঃপরীক্ষার আওতায় ছিল এবং প্রতিটি পাত্রে ‘পুনঃ পরীক্ষিত’ লেবেল লাগানো ছিল; যার মেয়াদ তখনো শেষ হয়নি। বিষয়টি আমলে না নিয়েই সহকারী পরিচালক কোনো ধরনের নমুনা পরীক্ষা বা পরীক্ষাগারভিত্তিক প্রমাণ ছাড়াই কাঁচামালগুলোকে ‘ভেজাল’ ঘোষণা করেন। পাশাপাশি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি কারখানায় থাকা বিভিন্ন পণ্যের প্রায় ১ কোটি টাকার কাঁচামাল ধ্বংস করেন।

গ্রিন বায়োটেকনোলজির তত্ত্বাবধায়ক (ইনচার্জ) মো. নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমরা তাকে কাঁচামালগুলো সরকারি বা অন্য যেকোনো পরীক্ষাগারে পরীক্ষা করে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তিনি সেই সুযোগ দেননি। আইনি প্রক্রিয়া অনুসরণ না করে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা পরিশোধে বাধ্য করেন। এমনকি জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশও আমাদের দেওয়া হয়নি। কারখানায় থাকা প্রায় ১ কোটি টাকার কাঁচামালও ধ্বংস করা হয়। ওই রায়ের বিরুদ্ধে আদালতে যাওয়া প্রক্রিয়াধীন রয়েছে।’

মো. নজরুল ইসলামের দাবি, অভিযানের সময় তাকে একটি ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর করতে বলা হয়। কারখানা সিলগালা, গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের হুমকি দেওয়া হলে ভয়ে তিনি স্বাক্ষর করতে বাধ্য হন। টাকা তাৎক্ষণিক পরিশোধ না করলে কারখানা বন্ধ করে দেওয়ার ভয়ও দেখানো হয় বলে তিনি অভিযোগ করেন।

গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষের দাবি, তাদের প্রতিটি পণ্যের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বৈধ লাইসেন্স রয়েছে এবং পণ্যগুলো প্রযোজ্য মানদণ্ড অনুযায়ী পরীক্ষাগারে পরীক্ষিত। এ ছাড়া অধিকাংশ পণ্যই বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কর্তৃক ডার্মাটোলজিক্যালি টেস্টেড ও নিরাপদ।

স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. শরীফুল ইসলাম ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে জামালপুরে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। এর আগেও জেলার বিভিন্ন এলাকায় অভিযানের সময় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই কেবল চোখের দেখায় জরিমানা, পণ্য ধ্বংস ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে জামালপুর শহরের এক ব্যবসায়ী বলেন, ‘সম্প্রতি আমার প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে তিনি একই আচরণ করেন। আমি পণ্য পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। আমাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার পণ্যের ক্ষতি করেন। নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই কর্মকর্তা নিজ উদ্যোগে কয়েকজন গণমাধ্যমকর্মীকে কারখানার ভেতরে নিয়ে যান এবং প্রকৃত ঘটনার বিপরীতে গিয়ে সম্পূর্ণ পৃথক আরেকটি প্রতিষ্ঠান ‘বায়োজিন কসমেসিউটিক্যালস’-এর প্রসঙ্গ টেনে গণমাধ্যমে বক্তব্য দেন।

এ বিষয়ে বায়োজিন কসমেসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, ‘বায়োজিন কসমেসিউটিক্যালস ও গ্রিন বায়োটেকনোলজি সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র দুটি প্রতিষ্ঠান। অথচ পরীক্ষাগার পরীক্ষা ছাড়াই একটি কারখানার কাঁচামালকে ভেজাল ঘোষণা করে তিনি। একইসঙ্গে গণমাধ্যমকর্মীদের ডেকে বায়োজিনের বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। একটি গোষ্ঠীকে দিয়ে বায়োজিনের বিরুদ্ধে অপপ্রচার চালাতেও তিনি সহায়তা করেছেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, ‘আমি ওই কারখানায় গিয়ে কাঁচামালগুলোর মেয়াদোত্তীর্ণ পেয়েছি। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নাই। ফলে কাঁচামালগুলোর পরীক্ষা করা হয়নি। আমি কোনো জব্দ তালিকাও করি নাই। তবে কাঁচামালগুলো আমি ধ্বংস করেছি। আমি কোনো ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় করেনি। আমি সেখানে কাউকে গ্রেপ্তারের হুমকি দেইনি।’

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাকে টেনেহিঁচড়ে বের করে ঘরে তালা ঝুলিয়ে দিলেন ছেলে
ফরিদপুরের বোয়ালমারীতে ৬০ বছর বয়সী মাকে পিটিয়ে এক হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে ইব্রাহিম মোল্যার বিরুদ্ধে। শুধু মারধরই নয়, মাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী জুলেখা বেগম। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জুলেখা বেগমের অভিযোগ, ছেলে ইব্রাহিম মোল্যা প্রথম স্ত্রী বৃষ্টি ও তাদের দুই সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়ে নতুন স্ত্রীকে নিয়ে সংসার করতে চান। এ নিয়ে প্রতিবাদ করায় তার ওপর চড়াও হন ছেলে। একপর্যায়ে তাকে মারধর করে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে দেওয়া হয়। পরে ঘরে তালা ঝুলিয়ে দেন ইব্রাহিম। বাধা দিতে গেলে মারধরে তার একটি হাত ভেঙে যায় বলে দাবি করেন বৃদ্ধা। তিনি বলেন, পুত্রবধূ ও নাতি-নাতনিদের অসহায় অবস্থার কথা বিবেচনা করে তাদের পাশে দাঁড়ানোই তার অপরাধ। ছেলের নির্যাতনের শিকার হয়েও তিনি চান, পুত্রবধূ ও নাতি-নাতনিরা তাদের পৈতৃক ভিটায় থাকতে পারেন। জানা গেছে, প্রায় ১৪ বছর আগে প্রতিবেশী ইব্রাহিমের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্রে সনাতন ধর্মাবলম্বী বৃষ্টি বিশ্বাস ধর্মান্তরিত হয়ে জান্নাতুল ফেরদৌস নাম ধারণ করে তাকে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বৃষ্টির অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। দুই বছর আগে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়। এখনো দুই হাতের ক্ষত নিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না তিনি। বৃষ্টি জানান, সম্প্রতি ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করেছেন এবং তাকে তালাক দিয়েছেন বলে দাবি করছেন। তবে তালাকসংক্রান্ত কোনো কাগজপত্র তিনি হাতে পাননি। তার অভিযোগ, নতুন স্ত্রীকে নিয়ে সংসার করার জন্য দুই সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন স্বামী। জন্মপরিবার ও ধর্মীয় পরিচয় ছেড়ে আসা বৃষ্টি এখন সন্তানদের নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। কোথায় যাবেন, কোথায় আশ্রয় নেবেন, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ইব্রাহিমের বিরুদ্ধে মাদকাসক্তি ও পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগ করেছেন তার বোন শেফালী পারভীনও। তিনি বলেন, তার মা, ভাবি ও ভাতিজা-ভাতিজিরা পৈতৃক বাড়িতেই থাকবেন, এটাই তার চাওয়া। তবে অভিযোগ অস্বীকার করে ইব্রাহিমের দাবি, বৃষ্টির চরিত্র ভালো নয়। তাকে তালাক দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, মা ও সন্তানেরা তার সঙ্গেই থাকবেন। বৃষ্টি নিজেই নিজের শরীরে আগুন লাগিয়েছিলেন বলেও পাল্টা অভিযোগ করেন ইব্রাহিম। ঘটনার বিষয়ে ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, ইব্রাহিম তার বৃদ্ধ মাকে মারধর করে হাত ভেঙে দিয়েছেন এবং ঘর থেকে বের করে তালা মেরে রেখেছেন বলে তিনি জানতে পারেন। পরে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে বৃষ্টি, তার সন্তান ও বৃদ্ধা জুলেখা বেগমকে ঘরে তুলে দিয়েছেন। নিজের শেষ বয়সে এসে সন্তানের হাতেই নির্যাতনের শিকার জুলেখা বেগম এখন নিজের স্বামীর ভিটায় নিরাপদে বসবাস করতে চান। এ জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন তিনি।  আরটিভি/টিআর
মাকে টেনেহিঁচড়ে বের করে ঘরে তালা ঝুলিয়ে দিলেন ছেলে
অন্তঃসত্ত্বাকে বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতের হানা, নবজাতকের মৃত্যু
ঝিনাইদহে ডাকাতির কবলে পড়ে চরম আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। এরপর নবজাতকের মৃত্যু হয়েছে।
অন্তঃসত্ত্বাকে বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতের হানা, নবজাতকের মৃত্যু
এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে মালেক সর্দারকে আদালতে পাঠায় কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ। পরে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আবদুল মালেক কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আবদুল মালেক সর্দার ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে এবং এমপি আমির হামজার চাচাতো চাচা। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটকের পর রবিবার সকালে কুষ্টিয়া সদর মডেল থানায় হস্তান্তর করে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আরটিভি/এমএ    
এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
চট্টগ্রামে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, অবস্থা আশঙ্কাজনক
চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ দোকানে বসে থাকা অবস্থায় মো. আবছার (৪০) নামের পুলিশের এক সোর্সকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।
চট্টগ্রামে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, অবস্থা আশঙ্কাজনক
আরও পড়ুন
মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ
জামালপুরে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড
জামালপুরে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই
জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ