
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পানিহাতা গারোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে গারোপাড়া এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দল। এ সময় আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় ওষুধের আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লে. কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে


