
মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২২ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় সদর উপজেলার নতুনগাঁও ও গণকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও এলাকার রতন মিয়ার ছেলে মো. ইয়াসিন (৩২), বাগমামুদালীপাড়া এলাকার মো. আনিচুর রহমানের ছেলে আবিদুর রহমান শ্রাবণ (২৭) এবং গণকপাড়া এলাকার হেলাল শেখের ছেলে মো. শাকিল শেখ (২৬)।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নতুনগাঁও এলাকার মার্কাস মসজিদ সংলগ্ন সিয়াম ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে ইয়াসিনকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। পরে ইয়াসিনের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণকপাড়া এলাকার হায়াত কাজীর বাড়ির সামনের সড়কে অভিযান চালানো হয়।
এ সময় আবিদুর রহমান শ্রাবণকে ১২০ পিস এবং শাকিল শেখকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ইয়াসিনের বিরুদ্ধে এর আগে আটটি মামলা রয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরটিভি/আইএম



