
সাম্প্রতিক সময়ে নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে সৃষ্ট শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বেআইনিভাবে শ্রমিকদের ধর্মঘটের কারণে গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সংক্রান্ত নোটিশ সংশ্লিষ্ট কারখানার গেটে টানিয়ে দিয়েছে তারা।
রোববার (২২ নভেম্বর) এবং শনিবার (২১ নভেম্বর) কারখানা দুটি বন্ধ ঘোষণা করা হয়।
বন্ধ ঘোষণা করা কারখানা দুটি হলো জেলার শ্রীপুর উপজেলার বেতজুরি (নতুন বাজার) এলাকার এসরোটেক্স লিমিটেড এবং গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা (ভবানীপুর) এলাকার গ্রীণ ফাইবার কম্পোজিট লিমিটেড। পরিস্থিতি স্বাভাবিক হলে উভয় কারখানা কর্তৃপক্ষ কারখানা পুনরায় চালুর তারিখ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে যথাসময়ে নোটিশের মাধ্যমে জানাবে।
এসরোটেক্স লিমিটেড পোশাক কারখানার মানবসম্পদ (এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) বিভাগের সহ-মহাব্যবস্থাপক রিফাত হোসেন স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, মজুরি বৃদ্ধির দাবিতে সম্প্রতি চলমান শ্রমিক অসন্তোষ এবং অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কর্তৃপক্ষ কারখানার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০ নভেম্বর, ১৭ নভেম্বর এবং ১৮ নভেম্বর নির্ধারিত সময়ে কারখানা খোলা হয়। কিন্তু কারখানার শ্রমিকরা বেআইনিভাবে কাজ বন্ধ করে বসে থাকে। বাইরে থেকে অন্য কারখানার উশৃঙ্খল শ্রমিক ও বহিরাগতরা কারখানার প্রধান ফটকে (মেইন গেট) এসে ঢিল ছুড়ে ভাঙার চেষ্টা করে। এতে কারখানায় কর্মরত সাধারণ শ্রমিকদের মাঝে আতংক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। পরে ১৯ নভেম্বর এসরোটেক্স লিমিটেড কর্তৃপক্ষ যথারীতি কারখানা খোলা রাখে। ওই দিন সব শ্রমিক যথাসময়ে কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর উশৃঙ্খলভাবে কারখানা থেকে বের হয়ে যায়। রোববার (২২ নভেম্বর) এসরোটেক্স লিমিটেড কর্তৃপক্ষ যথারীতি কারখানা খোলা রাখে এবং সকল শ্রমিক কারখানায় প্রবেশ করে বেআইনিভাবে কাজ বন্ধ করে বসে থাকে। এ সময় পার্শ্ববর্তী কারখানার উশৃঙ্খল শ্রমিকরা কারখানার প্রধান ফটকে (মেইন গেট) এসে উশৃঙ্খল আচরণ শুরু করলে কর্তৃপক্ষ কারখানা ছুটি দিয়ে দেয়। শ্রমিকদের এহেন আচরণ বেআইনি ধর্মঘটের শামিল।
এমতাবস্থায় সাধারণ শ্রমিকদের জানমাল ও সার্বিক নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসরোটেক্স লিমিটেড কারখানার সব বিভাগ ও শাখাসমূহের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানা পুনরায় চালুর তারিখ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে যথাসময়ে নোটিশের মাধ্যমে জানানো হবে। তবে কারখানার নিরাপত্তা বিভাগ ও ফায়ার সেফটি বিভাগ বন্ধের আওতামুক্ত থাকবে।
অপরদিকে, গ্রীণ ফাইবার কম্পোজিট লিমিটেডে কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বেআইনিভাবে শ্রমিকদের ধর্মঘটের কারণে ৯ নভেম্বর থেকে ১০ নভেম্বর, ১৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। ১৯ নভেম্বর শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর কর্মবিরতি শুরু করে উশৃঙ্খলভাবে কারখানা ত্যাগ করে। পরে ২১ নভেম্বর সকালে কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর অন্যায়ভাবে কর্মবিরতি শুরু করে এবং কারখানার অভ্যন্তরে উশৃঙ্খলভাবে ভয়ভীতি প্রদর্শন ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে কারখানা ত্যাগ করে। শ্রমিকদের এমন আচরণ বেআইনি ধর্মঘটের শামিল। এমতাবস্থায় শ্রমিকদের জানমাল ও সার্বিক নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২২ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩(১) মোতাবেক কারখানার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানা পুনরায় চালুর তারিখ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে যথাসময়ে নোটিশের মাধ্যমে জানানো হবে।
আরটিভি/এসএস


