
অনেক দিন ধরে তীব্র গরমেও এয়ার কন্ডিশন না থাকায় নরসিংদীর ইনডেক্স প্লাজা নামের একটি মার্কেট সাময়িকভাবে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দ্রুতই এয়ার কন্ডিশন চালু করে ভোক্তা অধিকার নিশ্চিত করা না হলে মার্কেটটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার কথাও বলা হয় এসময়।
শনিবার দুপুরে এই আদেশ দেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া ও শাহরুখ খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
শাহ আলম মিয়া জানান, অনেক দিন ধরেই শহরের অভিজাত এই মার্কেটে এয়ার কন্ডিশন চালু নেই। পাশাপাশি মার্কেট পরিচালনায় নানা অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। সাধারণ ক্রেতা-বিক্রেতাদের এমন অভিযোগের প্রেক্ষিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
তিনি আরও বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় সাময়িকভাবে মার্কেটটি বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতাতপ ব্যবস্থাসহ ভোক্তা অধিকার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে এটি।
কে/



