
গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যায় পৌরসভার হানিফ কাউন্টার সংলগ্ন সানফ্লাওয়ার স্কুলের সামনের পাকা সড়ক থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোশারফ হোসেন (৩০)। তিনি উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তাকে ধরার জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা চলছিল। মোশারফ হোসেন মাদক বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল রোববার গোবিন্দগঞ্জ পৌরসভার হানিফ কাউন্টার সংলগ্ন সানফ্লাওয়ার স্কুলের সামনের পাকা সড়কের ওপর অবস্থান নেয়।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোশারফ ওই পথ দিয়ে ইয়াবা নিয়ে যাওয়ার সময় পুলিশ হাতেনাতে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে এক হাজার পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য চার লাখ টাকা। পরে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, গোটা জেলা জুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। চলমান অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা পুলিশ ইয়াবাসহ মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন :
জেবি



