
লক্ষ্মীপুরের রামগঞ্জে হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছে আওয়ামী লীগ-বিএনপি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপি জোটের (ঐক্যফ্রন্টের) প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের বাড়ি হামলা ও ভাংচুরের অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জের পূর্ব করপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
ঐক্যফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয় এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম জানান, ধানের শীর্ষ সমর্থিত নেতাকর্মীরা তার বাড়ির সামনে ক্যাম্পে বসে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছিল। দুপুরে হঠাৎ করে সরকার দলীয় লোকজন মিছিল নিয়ে এসে বাড়িতে হামলা করে। এতে বাড়িতে থাকা চেয়ার-টেবিল ও মোটরসাইকেল ভাংচুর করে এবং মহিলা ও নেতাকর্মীদের মারধর করা হয়।
এদিকে, রামগঞ্জের নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার করপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আগুনের নির্বাচনী ক্যাম্পের প্লাস্টিক চেয়ার ও টেবিল পুড়ে যায়। এ সময় পাশের একটি চায়ের দোকানেরও আসবাবপত্র পুড়ে যায়। প্রতিপক্ষের লোকজনই অগ্নিসংযোগ করে নির্বাচনী অফিস পুড়িয়েছে বলে অভিযোগ করেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন খান।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জেএইচ



