
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলাইপুর জামতলা এলাকায় আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয় ও তিনটি খালি ঘরসহ মোট চারটি ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান।
একালাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের আলাইপুর জামতলা নামক স্থানে একটি মার্কেটে আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয় ও তিনটি খালি ঘর রয়েছে।
শাটার লাগানো ঘরটি আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বুধবার দিবাগত রাতে ওই নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে নির্বাচনী অফিস পুড়িয়ে দেয়। আর পাশে থাকা ফাঁকা তিনটি ঘরেও আগুন ধরিয়ে দেয়।
সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী খান লিটন বলেন, রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে একটার মধ্যে জামায়াত-বিএনপি নেতাকর্মীরা তাদের নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দেয়। এতে নির্বাচনী অফিসের মধ্যে থাকা ৩০টি চেয়ার, একটি টেবিল, বেশকিছু পোস্টার পুড়ে যায়। আর পাশে থাকা খালি ঘরে আগুন ধরিয়ে দেয়ায় ওই তিনটি ঘরের বাঁশের খুঁটি ও টিনের চালা পুড়ে গেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী আরটিভি অনলাইনকে বলেন, জামতলা এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়সহ মোট চারটি ঘর দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। সেখানে পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা গেছেন। ফিরে এলে বিস্তারিত জানা যাবে।
জেবি



