রেললাইনের বিভিন্ন স্থানে নেই স্লিপারের হুক, কাঠের স্লিপারগুলো নষ্ট হয়ে যাচ্ছে রোদ বৃষ্টিতে, ঢিলে হয়ে আছে স্লিপারের নাটগুলোও, এছাড়া রেলপথে রয়েছে পাথর স্বল্পতা। এমন পরিস্থিতিতেও ঝুঁকি নিয়েই চলছে ট্রেন। এ চিত্র ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-লাকসাম-শায়েস্তাগঞ্জ, আখাউড়া-ভৈরব রেলপথের। তবে একাধিক সেতুসহ রেলপথ ঝুঁকিপূর্ণ হলেও তা অস্বীকার করছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
দেশের বৃহৎ ২টি রেলপথ ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট রুট। প্রতিদিন মেইল, লোকালসহ ৫০টি ট্রেন চলাচল করে এ পথে। অথচ ব্রাহ্মণবাড়িয়া অংশে রেলপথের বিভিন্ন স্থানে নষ্ট স্লিপার, পাথরের স্বল্পতাসহ নানান সমস্যা রয়েছে। বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে ট্রেন।
গুরুত্বপূর্ণ এ রেলপথের বিভিন্ন স্থানে রয়েছে ঝুঁকির্পূণ সেতু। সেতু গুলিতে ক্রুটি দেখা দিলেও তা মেরামত করা হয় না বলে দাবি করেন স্থানীয়রা।
তবে ঝুঁকিপূর্ণ সেতু ও রেলপথের কথা অস্বীকার করে আখাউড়া রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী রুহুল আক্তার খান জানান, কোথাও সমস্যা মনে হলেই গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া সমস্যার খবর পাওয়া মাত্রই ছুটে যান তারা।
দুর্ঘটনা এড়াতে ঝুকিপূর্ণ এসব সেতু ও রেলপথ মেরামতের দাবি স্থানীয়দের।
এমকে




