ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পানি বাড়ায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গেল কয়েকদিনের প্রবল ভাঙনের মুখে শতাধিক পরিবার বসতভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। আর পাকাসড়ক, কয়েক শত হেক্টর জমি নদের গর্ভে বিলীন হয়ে গেছে। জেলার তিনটি উপজেলার অসংখ্য মানুষ হয়েছেন গৃহহারা।
উজান থেকে পানি নেমে আসার কারণে ব্রহ্মপুত্র নদের পানি দুই কুল ছাপিয়ে ভয়াবহ বন্যার রূপ ধারণ করছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ জেলার সদর, ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, ত্রিশালসহ ১৩টি পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে সদর উপজেলার অষ্টাধর, সেনেরচর, ঝাপরকান্দসহ প্রায় ২৫ কিলোমিটার এলাকা ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে।
হুমকির মুখে আছে নদের তীরবর্তী হাজারো ঘরবাড়ি, স্কুল, মসজিদ-মাদরাসা ও রেললাইন। ভাঙনের আতঙ্কে শতাধিক পরিবার বসতভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
প্রশাসন বলছে, ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ৯শ’ কোটি টাকার প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছে।
জরুরি ভিত্তিতে ব্রহ্মপুত্র নদের ভাঙনরোধে বাঁধ নির্মাণসহ স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে হাজারো ঘরবাড়ি, স্কুল, মাদ্রাসা নদীগর্ভে বিলীন হবার আশঙ্কা করছে গ্রামবাসী।
জিএ/এসএস




