
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেয়ার জন্য পরিকল্পনা নিয়েছে সরকার। কমার্শিয়াল সিনেমায় সরকার অনুদান দেয়ার চিন্তাভাবনা করছে। চলচ্চিত্রের জন্য আগে পাঁচ কোটি টাকা অনুদান দেয়া হতো, এখন দেয়া হবে ১০ কোটি টাকা। আগে একটি ছবির জন্য সরকার ৬০ লাখ টাকা অনুদান দিত, এখন শর্ত সাপেক্ষে সেটি ৭৫ লাখ টাকা করার চেষ্টা করা হচ্ছে।
আজ শনিবার (৫ অক্টোবর ২০১৯) দুপুরে চট্টগ্রামের প্রথম সিনেপ্লেক্স সিলভার স্ক্রিনে আয়োজিত ‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বন্ধ হয়ে যাওয়া প্রেক্ষাগৃহ খোলার বিষয়ে যদি মালিকেরা উদ্যোগ নেন সেক্ষেত্রে তাদের যেন সহজ শর্তে ঋণ দেয়া যায় সেটি ভাবা হচ্ছে। এর সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় নতুন প্রেক্ষাগৃহ খোলার উদ্যোগও নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পরিচালকরা যে সিনেমাই নির্মাণ করুক না কেন নির্মাণ তাদের প্রত্যেক সিনেমার শেষে যেন ভালো ম্যাসেজ থাকে।
এফডিসিতে নানা অনিয়মের বিষয়ে চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্রের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। তবে দেখা যাচ্ছে, এফডিসির জন্য কোনও যন্ত্রপাতি কেনা হলেও সেটি চালানোর মতো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এ রকম হয়ে আসছে। এগুলো চিহ্নিত করে ব্যবস্থাও নেয়া হচ্ছে।
সেমিনারে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। আর উপস্থিত ছিলেন সাংসদ ওয়াসিকা আয়শা খান, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের ম রমিজউদ্দিন চৌধুরী, দৈনিক প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান।
এর আগে বিশেষ অতিথির বক্তব্যে অমিতাভ রেজা এফডিসি কর্তৃপক্ষের নানা অনিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়েন।
এসএস/সি




