
নারায়ণগঞ্জসহ সারাদেশে পেঁয়াজের লাগামহীন মূল্য বৃদ্ধিতে জনসাধারণের মধ্যে ক্ষোভ যখন চরমে তখন বিয়ের অনুষ্ঠানে পেঁয়াজের উপহার এক আলোচিত ঘটনা।
স্বাভাবিকভাবেই বৌভাতে অনুষ্ঠানে উপস্থিত নতুন জামাই-বউয়ের হাতে বন্ধুদের পেঁয়াজ উপহার, এ নিয়ে আলোচনা-সমালোচনায় মেতে ওঠেন। ১৬ নভেম্বর শনিবার দুপুরে নারায়ণগঞ্জের দেওভোগস্থ হৃদম প্লাজা কমিউনিটি সেন্টারে পিয়াস ও খাদিজার বৌ-ভাতে এ ঘটনা ঘটে।
বন্ধুদের এমন উপহার প্রদান করায় ওই শহরময় ঘটনাটি রীতিমতো বেশ সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে অতিথিদের সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের এক নম্বর বাবুরাইলের মোহাম্মদ পিয়াস ও ফতুল্লা বক্তাবলীর কনে খাদিজা কাবিন নামা বিবাহ গত বছরে অনুষ্ঠিত হয়।
এর উপলক্ষে ১৬ নভেম্বর শনিবার দুপুরে ওই কমিউনিটি সেন্টারে পিয়াস-খাদিজা বৌভাত আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাঝখানে মঞ্চে উপস্থিত বর-কনের হাতে পেঁয়াজের প্যাকেট তুলে দেন বন্ধু সুমন, হৃদয়, শান্ত, ইমরান, সাব্বির বন্ধুমহল। এ সময় অনুষ্ঠানে সকলের মধ্যে পেঁয়াজ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়ে যায়। এ সময় বর-কনে পেঁয়াজ পেয়ে অনেকটা হাস্যোজ্জ্বল হয়ে যায়।
পেঁয়াজ উপহার নিয়ে সুমন ও হৃদয় জানান, সারাদেশে পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পরিবারের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এজন্য শনিবার বন্ধু পিয়াসের বৌ-ভাতে পেঁয়াজ উপহার দেওয়ার ইচ্ছা জাগে।
এ বিষয়ে বর পিয়াস জানান, আমার বিয়েতে যতো পুরস্কার পেয়েছি সবচেয়ে মূল্যবান মনে করবো এই পেঁয়াজের উপহারটিকে। কারণ পুরো বাংলাদেশ এখন পেঁয়াজের গরমে অস্থির। হয়তো আমার বন্ধুদের এ পেঁয়াজ উপহার একটি নীরব প্রতিবাদও হতে পারে। ধন্যবাদ আমার বন্ধুদের মূল্যবান ও ব্যতিক্রমী এ উপহারের জন্য।
জেবি/পি




