
নওগাঁয় অটোরিকশা ছিনতাই চক্রের পাঁজ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় অটোচালক ভূপেন হত্যাকাণ্ডের তদন্তকালে এই চক্রের সন্ধান পায় পুলিশ। ভূপেনকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। গ্রেপ্তারকৃত সকলেই নওগাঁ সদর এলাকার বাসিন্দা।
গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় অটোরিকশা ছিনতাই ও হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। আটককৃতদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করতে আদালতের কাছে আবেদন করা হবে বলেও জানান তিনি।
এজে/জেবি




