
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়ীয়া গ্রামের রাস্তার পাশ থেকে নবজাতক এক ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ওই গ্রামের মুকুল জোয়ার্দ্দারের বাড়ির সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। নবজাতকটি জীবিত ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মালিয়াট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নান্নু হোসেন বলেন, ষাটবাড়ীয়া গ্রামের মো. মুকুল জোয়ার্দ্দারের বাড়ির সামনের রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, নবজাতকটিকে কেউ রাস্তার পাশে ফেলে রেখে যায়। গ্রামবাসীর কাছ থেকে ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে নবজাতকটিকে নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।
তিনি বলেন, নবজাতকটিকে ষাটবাড়ীয়া গ্রামের মো. মুকুল জোয়ার্দ্দার ও তার স্ত্রীর হেফাজতে আছে। শিশুটির জন্য খাবার এবং যাবতীয় সবকিছু দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
এসএস




