
সাতক্ষীরায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কলেজ শিক্ষার্থী শরিফুজ্জামানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) গভীর রাতে শহরের কাশেমপুরের একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক শরিফুজ্জামান কলারোয়া উপজেলার রাজনগর গ্রামের শেখ ওহিদুজ্জামানের ছেলে ও সাতক্ষীরা পলিটেকনিক ইনষ্টিটিউটের ছাত্র।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কাশেমপুর এলাকার বাসিন্দা পাঁচ বছর বয়সী ওই মেয়েটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তাদের বাড়ির পাশে থাকা একটি ছাত্রাবাসে ধর্ষক শরিফুজ্জামান শিশুটিকে ফুসলিয়ে নিয়ে যায়। এরপর সে তার রুমের ভিতর নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে শিশুটি বাড়ি যেয়ে তার পিতা-মাতার কাছে ঘটনাটি খুলে বললে সাতক্ষীরা সদর থানায় রাতেই একটি অভিযোগ দায়ের করেন তারা। পরে সদর থানা পুলিশ শনিবার (২৩ নভেম্বর) গভীর রাতে কাশেমপুর এলাকার অন্য একটি ছাত্রাবাস থেকে ওই ধর্ষককে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, বর্তমানে শিশুটি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এজে




