
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া (৪০) হত্যা মামলার রায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রামের মৃত দুঃখী প্রামনিকের ছেলে আব্দার হোসেন (৪০), মৃত আনছার আলীর ছেলে ইউনুস আলী (৫০), মৃত আইজুদ্দীন মণ্ডলের ছেলে মুনিয়ার মণ্ডল (৪৫), আমজাদ জোয়ারদারের ছেলে কবির আলী (৩৫) ও একই গ্রামের মৃত জলিল মণ্ডলের ছেলে সলক আলী (৪৮)।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৯ এপ্রিল রাতে কায়েতপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মাছ ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়াকে মাথায় ও বুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বড় ভাই আশাদুল মণ্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকালে পুলিশ জিয়াউর রহমান হত্যার মোটিভ উন্মোচন করতে সক্ষম হন। একইসঙ্গে হত্যার সাথে জড়িত সন্দেহে কায়েতপাড়া গ্রামের আব্দার হোসেন, ইউনুস আলী, মনিয়ার মণ্ডল, কবির হোসেন ও সলককে গ্রেপ্তার করে। এদের মধ্যে আসামি সলক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
আলোচিত এ মামলার তদন্তকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানার তৎকালীন পরিদর্শক এএইচ এম লুৎফুল কবির তদন্ত শেষে ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত এ মামলায় মোট ২২ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেন। রায়ে আদালত অভিযুক্ত পাঁচজনকে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
আলোচিত এ মামলাটি রাষ্ট্র পক্ষে পরিচালনা করেন পাবলিক প্রসিকউিটর অঅ্যাডভোকেট বেলাল হোসেন ও আসামি পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সেলিম উদ্দীন খাঁন ও অ্যাডভোকেট আফজাল হোসেন।
এসএস




