
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দুই টিকিট কালোবাজারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে আখাউড়া রেলস্টেশনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মিলন মিয়া (৫০) ও মহাব্বত আলী (৬৫)। মিলন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামের মরহম আলীর ছেলে ও মহাব্বত আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়ার মৃত মুকসুদ মিয়ার ছেলে।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ বুধবার সন্ধ্যায় আখাউড়া রেল স্টেশনের একটি দোকানে অভিযান চালায়।
এ সময় ১০১ আসনের ৭৫টি ট্রেনের টিকিটসহ দোকান পরিচালনাকারী মিলন মিয়া ও তার সহযোগী মহাব্বত আলীকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট টিকিট কালোবাজারির অপরাধে মিলন মিয়াকে ছয় মাসের কারাদণ্ড ও মহাব্বতকে পাঁচ মাসের কারাদণ্ড দেয়। এছাড়া উভয়কে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
জেবি




