
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পাবনার চাটমোহর উপজেলায় সবুরা খাতুন (১৬) নামের এক মাদরাসাছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত রতন হোসেন ও রিপন হোসেন নামের দুই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অ্যাসিড আক্রান্ত সবুরাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার বনগ্রাম সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অ্যাসিড আক্রান্ত সবুরা খাতুন ওই গ্রামের ব্যবসায়ী সলিলুর রহমানের মেয়ে এবং বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।
সবুরার পরিবারের লোকজন জানান, সবুরাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল একই এলাকার রতন হোসেন নামের এক কিশোর। তাতে রাজি হয়নি সে। গতকাল শুক্রবার রাতে ঘরে পড়াশোনা করার সময় তাকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে পালানোর সময় রতন ও তার বন্ধু রিপনকে আটক করে স্থানীয়রা।
পরে অ্যাসিড আক্রান্ত সবুরাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সবুরার বাবা সলিলুর রহমান বাদী হয়ে দু’জনকে আসামি করে চাটমোহর থানায় মামলা করেছেন।
কর্তব্যরত চিকিৎসক জানান, ওই ছাত্রীর শরীরের দশ ভাগ দগ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হবে।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন শেখ ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত দুই কিশোরকেই আটক করা হয়েছে।
জেবি




