
গোপালগঞ্জে অভিযান চালিয়ে মডেল ছায়া শিক্ষা কেন্দ্র নামে একটি কোচিং সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ওই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌস ও ফারজানা ববি মিতু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আগামী ২০ ও ২৬ ডিসেম্বর গোপালগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সুযোগ নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষক কোচিং বাণিজ্য চালিয়ে আসছিলেন বলে অভিযোগ ছিল। সেসব অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। একপর্যায়ে গোপালগঞ্জ শহরের পাওয়ার হাউজ রোডে মডেল ছায়া শিক্ষা কেন্দ্র নামে কোচিং সেন্টার সিলগালা করে দেয়া হয়। এছাড়া পাবলিক হল রোডে জাগরণ একাডেমি নামে আরেকটি কোচিং-সেন্টারে অভিযান চালানো হয়। কিন্তু এ কোচিং সেন্টারটি তালা মারা থাকায় সিলগালা করা হয়নি।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদাউস আরটিভি অনলাইনকে জানিয়েছেন, বীণাপানি গার্লস স্কুল এবং এসএম মডেল হাইস্কুলে ষষ্ট শ্রেণিতে ভর্তি পরীক্ষা এ মাসেই অনুষ্ঠিত হবে। এ সুযোগকে কাজে লাগিয়ে শহরের কোচিং সেন্টারগুলোতে সরকারি-বেসরকারি স্কুলের শিক্ষকরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত ফি নিয়ে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। কোনও কোনও কোচিং সেন্টার শিক্ষার্থীদের কাছ থেকে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ফি নিচ্ছে। ওইসব অভিযোগের ভিত্তিতে আমরা কোচিং সেন্টারে অভিযান চালাই। এছাড়া অন্যান্য কোচিং সেন্টারের মালিকদেরকে আগামীকাল বুধবার এডিসি শিক্ষা স্যারের সঙ্গে দেখা করার জন্য জানানো হয়েছে। তিনি তাদের সাথে কথা বলে সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
এসএস




