
নেত্রকোনা- ময়মনসিংহ সড়কে চালু হওয়ার পর দিন বিআরটিসি বাস বন্ধের প্রতিবাদ ও আবার বাস চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হয়েছে।
বুধবার দুর্বার নেত্র নামে একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
দুপুরে জেলা প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
পরে জেলা প্রশাসক মঈনউল ইসলামের কাছে স্মারকলিপি পেশ করে বিক্ষোভকারীরা। সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদুর রেজা খান, সুলতান মাহমুদ শার্লি, আব্দুস সামি নিকুসহ অন্যরা।
গেল ৮ ডিসেম্বর নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বিআরটিসির ১০টি দ্বিতল বাস চালু হয়। এর পরপরই বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই বাস চালুর বিরোধিতা করে ময়মনসিংহ বিভাগে বাস ধর্মঘট আহ্বান করলে বিআরটিসির বাসগুলো বন্ধ হয়ে যায়।
জেবি




