
পদ্মা পারের রাজবাড়ীতে গেল দুই দিন ধরে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনে অল্প সময়ের জন্য সূর্যের আলো দেখা যায়। রোদের কোনও তাপ নেই। ফলে প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের কারণে বৃদ্ধ ও শিশুরা বিপাকে পড়েছে। গরম কাপড়ের অভাবে অসহায় পরিবারগুলো ভোগান্তিতে পড়েছে। পদ্মার চরাঞ্চলের সাধারণ মানুষ গরম কাপড় ও আবাসন সংকটে নিদারুণ কষ্টে ভুগছে। শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কনকনে ঠাণ্ডা ও হিমেল হাওয়া। গেল দুদিন ধরে শীতের তীব্রতার সঙ্গে বেড়েছে ঘন কুয়াশা ও হিমেল হাওয়া।
জানা গেছে, পদ্মা নদীর পারে ঘন কুয়াশা থাকার কারণে শীতের তীব্রতা বেড়ে গেছে। শৈত্যপ্রবাহের ফলে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে। এছাড়া শীতের কারণে বৃদ্ধ ও শিশুরা অসহায় জীবন যাপন করছে। গরম কাপড়ের অভাবের ছিন্নমূল মানুষ বেশি কষ্ট পাচ্ছে। বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে রিকশা, ভ্যান, অটোরিকশার যাত্রী ও চালকরা প্রয়োজনের তাগিদে ঘন কুয়াশার মধ্যে চলাচল করতে হচ্ছে। এদিকে গবাদি পশু তীব্র শীতের মধ্যে গো খাদ্য সংগ্রহের জন্য খোলা মাঠে চড়ানো হচ্ছে।
রাজবাড়ী সদরের মিজানপুর ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান আরটিভি বলেন, প্রচণ্ড শীতের কারণে মাঠে কাজ করা যাচ্ছে না।দিনরাত সমান শীতের কারণে তিনি কাহিল হয়ে পড়েছেন। সরকারি ও বেসরকারি পর্যায়ের এখনো গরম কাপড় বিতরণ শুরু হয় নাই। এদিকে তীব্র শীতের কারণে অনেকে ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে।
দিনে খুব কম সময়ে সূর্যের মুখ দেখা যাওয়ায় রাজবাড়ী শহর ও তার আশপাশের এলাকায় কর্মজীবী মানুষ সময়মতো কাজে যেতে পারছে না। তার মধ্যে শিরশির বাতাস। ঘর থেকে বের হওয়া কষ্টকর। ছেলে-মেয়েদের নিয়ে বাড়ির মধ্যে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন দুদিন ধরেই। আর যারা দিনমজুরের কাজ করে পেট বাঁচায় তারা বিপাকে পড়েছেন শীতের কারণে। শীত কমলে কাজে যায় আর শীত বাড়লে বসে থাকে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, শীতের কারণে অনেকে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ছে। ডায়রিয়ায় আক্রান্ত ১০ জন রোগী হাসপাতালে সেবা দেওয়া হয়েছে। এছাড়া ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত এবং এ্যাজমা রোগীদেরকে বিশেষ সেবা দেওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
জেবি




