
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী সুমনাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হত্যাকারী রিয়াজ আহমেদের ফাঁসির দাবিতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শহরের বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সুশীল সমাজ এসব কর্মসূচি পালন করে।
শহরের বড়মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারিহা আফরিন ঐশী, উদীচী জেলা সংসদের সভাপতি সেতারা বেগম, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, অধ্যাপক মনতোষ কুমার দে ও সুমনার মা ময়না বেগম।
এ সময় বক্তারা বলেন, ধর্ষণে পর সুমনাকে হত্যা করার পিছনে যারা জড়িত ছিল তাদের গ্রেপ্তারসহ ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পরে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে দ্রুত বিচার আইনে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা চলে যায়।
এর আগে একই দাবিতে গতকাল শুক্রবার দুপুরের বিক্ষোভ কর্মসূচি পালন করে সুমনার সহপাঠীরা।
প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর প্রতিবেশী রিয়াজের বাড়িতে পরীক্ষার খাতা দেখতে যায় সুমনা। এরপর আর ফেরেনি। ৪ দিন নিখোঁজ থাকার পর ১৯ ডিসেম্বর রাতে রিয়াজের বাড়ির ভিতরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় সুমনার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এজে/জেবি




