
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে আটজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে তাদের আটক করলেও বিকেলে বিষয়টি প্রকাশ করে পুলিশ।
আটকরা হলেন- মাদারীপুরের মৃত সালাম ব্যাপারীর ছেলে রবিউল ব্যাপারী (২০), রিটন হালদারের ছেলে সাকিল হালদার (২০), রহিম মুন্সির ছেলে সিরাজুর মুন্সি (২০), যশোরের মালেক সরদারের ছেলে আজিজুল সরদার (২৩), পান্নুর ছেলে সুমন (২০), যশোরের মালেক সরদারের ছেলে আজিজুল সরদার (২৩), শ্রীজয় কুমার দাশের ছেলে শিমুল কুমার দাস (৩০), সাতক্ষীরার মৃত শাহাদাত সরদারের ছেলে রিপন সরদার (২০) ও পিরোজপুরের রতন মোল্লার ছেলে মানিক মোল্লা (২১)।
আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছে পুলিশের কাছে। তবে পুলিশ বলছে জিজ্ঞাসাবাদ এখনও অব্যাহত রয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাশেম জানান, মুজিবনগর সীমান্ত পেরিয়ে কয়েকজন বাংলাদেশে প্রবেশ করেছে, এমন সংবাদের ভিত্তিতে মুজিবনগরের আনন্দবাস সীমান্তের কাছে অভিযান চালায় পুলিশ। সেখানে ঘোরাফেরা করার সময় আটজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছে, বিভিন্ন সময়ে তারা বাংলাদেশ থেকে ভারতে কাজ করতে যায়। সেখানে পুলিশের হাতে আটক হয় তারা। পরে জেল থেকে মুক্তি পেয়ে রাতে সীমান্ত পেরিয়ে আনন্দবাস গ্রামে প্রবেশ করে।
তবে পুলিশ বলছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পরই জানা যাবে তারা বাংলাদেশি না ভারতীয় নাগরিক।
ওসি আরও বলেন, তারা ভারতে অনুপ্রবেশকারী না পাচার হয়ে গিয়েছিল তা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি/পি




