
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রতীক বরাদ্দ পাওয়ার প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের একক প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ- নৌকা, বিএনপির একক প্রার্থী আবু সুফিয়ান- ধানের শীষ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ- টেলিভিশন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ- চেয়ার, স্বতন্ত্র প্রার্থী মো. এমদাদুল হক- আপেল ও ন্যাপের বাপন দাশগুপ্ত- কুঁড়েঘর।
আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ আজ বিকেলে বোয়ালখালী উপজেলার শাকপুরা বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে উপজেলার শাকপুরা চৌমুহনী, খিজিরপুর হয়ে বোয়ালখালী উপজেলা পরিষদ পৌঁছে শেষ হয়।
অন্যদিকে বিএনপির আবু সুফিয়ান বিকেল চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। নগরের চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি।
উল্লেখ্য, গেল সাত নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১৩ জানুয়ারি আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮।
এসএস




