
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তালিকা পেয়েছি সেগুলো না দেখেই প্রকাশ করেছি। এটিই আমার ভুল ছিল। এজন্য আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।
আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় যদি মুক্তিযোদ্ধাদের কমিটি থাকতো তাহলে এই ভুলটা হতো না। প্রকাশ করা তালিকায় ভুল থাকায় তা স্থগিত করা হয়েছে। অচিরেই সংশোধিত তালিকা প্রকাশ করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাংসদ জোয়াহেরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলীসহ অনেকে।
এজে/পি




