
নিখোঁজের একদিন পরে সাভারে নাজিনা আক্তার (০৮) নামের এক শিশুর বস্তাবন্ধি হাত পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পার্শ্ববর্তী এক দম্পতিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের মোল্লাপাড়া এলাকার জাহাঙ্গীর হাজীর পাঁচতলা বাড়ির একটি কক্ষ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, ওই শিশুটি তার মা ফাতেলা বেগমের সঙ্গে ওই বাড়ির পাঁচতলার একটি রুমে ভাড়া থাকতেন। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরের পর থেকে ওই শিশু নিখোঁজ হন। পরে তার মা শুক্রবার সকালে সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।
এর প্রেক্ষিতে পুলিশ শুক্রবার রাতে ওই পাঁচতলা বাড়ির নিহত শিশুটির প্রতিবেশী মোকছেদুল ইসলামের রুমে তল্লাশী চালিয়ে খাটের নিচ থেকে বস্তাবন্ধি হাত পা বাধা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় পুলিশ শিশুটির হত্যাকারী সোনালী ও তার স্বামী মোকছেদুল ইসলামকে আটক করেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত নাজিনা আক্তার তাদের পাশের ফ্লাটে গেলে পাশের ফ্লাটের সোনালী ও তার স্বামী মোকছেদুল ইসলাম নাজিনা আক্তারের কানের দুল খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় নাজিনা চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘাতকরা।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এজে




