
গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে বহিরাগতরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। হামলায় এক ডাক্তারসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার দিনগত রাত দশটার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার গোলাম রসুল, সহকারী নার্স মাহবুবুল করিম ও নাইটগার্ড আবুল কাশেম।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম আরটিভি অনলাইনকে জানান, বুকে ব্যথা নিয়ে দুই রোগী হাসপাতালে আসেন। এ সময় একজনকে হাসপাতালে ইসিজি করানো হচ্ছিল এবং রাফাত উদ্দীন নামে একজনকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। কিন্তু রাফাত উদ্দীনের সঙ্গে আসা লোকজন ইসিজি ছাড়া কোনও ওষুধ নেবেন না এবং অন্যত্র থেকে ইসিজি করাবেন বলে চলে যান। এর ঘণ্টাখানেক পর ৪-৫ যুবক এসে হাসপাতালের জরুরি বিভাগের চেয়ার, টেবিল, গ্লাস, আসবাবপত্র, মোবাইল সেটসহ আসবাবপত্র ভাংচুর করেন।
এ সময় তারা ডাক্তার গোলাম রসুল, সহকারী নার্স মাহাবুবুল আলম ও নাইটগার্ড আবুল কাশেমকে মারধর করেন। হাসপাতালে থাকা সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেবি




