
নড়াইলের লোহাগড়ায় বখাটের উৎপাতে অতিষ্ঠ হয়ে খাদিজা (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে লোহাগড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, লোহাগড়ার পাংখারচর গ্রামের কামাল শেখের ছেলে ইমাম শেখ (১৮) স্কুলে যাবার পথে দীর্ঘদিন ধরে একই গ্রামের সেলিম সরদারের মেয়ে শতদল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী খাদিজাকে উত্যক্ত করতো। গেল রোববার সকাল ১০টার দিকে গ্রামের পুকুরে পানি আনতে গেলে বখাটে ইমাম শেখ ওই ছাত্রীর গতিরোধ করে শ্লীলতাহানিমূলক কথাবার্তা বলে। তা সহ্য করতে না পেরে রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে।
ছাত্রীর বাবা সেলিম সরদার আরটিভি অনলাইনকে বলেন, বখাটে ইমামকে কয়েকবার সাবধান করেছি কোনও কাজ হয়নি। উত্যক্ত করা থামেনি বরং হুমকি দিয়েছে।
লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাইমা আরটিভি অনলাইনকে জানান, তাকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বখাটের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আলমগীর হোসেন আরটিভি অনলাইনকে জানান, ছাত্রীর পরিবার থেকে লিখিত কোনও অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি




