
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে চা দোকানদারকে মারধর করার অভিযোগ ওঠেছে। চা দিতে দেরি হওয়াতে দোকানদারকে ডেকে নিয়ে মারধর করে দোকানও বন্ধ করে দেন চেয়ারম্যানসহ তার লোকজন।
গতকাল সোমবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পটল বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিষয়ে চা দোকানদার বিল্লাল হোসেন কালিহাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী চা দোকানদার বিল্লাল হোসেন আরটিভি অনলাইনকে বলেন, গতকাল সোমবার দুপুরে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌকিদার দিয়ে চার কাপ চা দিতে বলেন। চা দিতে দেরি হওয়াতে আমাকে ডেকে নিয়ে ওই বাজারের জাহাঙ্গীরের দোকানের সামনে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে কিল-ঘুষি-লাথি ও গালে চর-থাপ্পড় মারেন। এ সময় বাজারের লোকজন এগিয়ে এসে আমাকে ছাড়িয়ে নেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেই। চেয়ারম্যান ও তার ভাই আব্দুল খালেক প্রামাণিকসহ তার লোকজন আমার দোকান বন্ধ করে দেয়।
চেয়ারম্যান আনোয়ার হোসেন হুমকি দিয়ে বলেন, এ বাজারে তুই আর চা দোকানদারি করতে পারবি না।
এ ব্যাপারে কালিহাতী থানায় চেয়ারম্যান আনোয়ার হোসেন ও তার ভাই খালেককে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মারধর ও হুমকির ঘটনা অস্বীকার করে আরটিভি অনলাইনকে বলেন, আমার এলাকার ছেলে। আমার ঘরেই থাকে। আমাকে চা দিবে না এ কারণে ধমক দিয়েছি। আমি চেয়ারম্যান হয়ে শাসন করতেই পারি।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেবি




