
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গতকাল রোববার উপজেলার চরআড়িয়ারা এলাকায় এই ঘটনা ঘটে।
মামলার সূত্রে জানা গেছে, গেল বুধবার ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামে খালাবাড়িতে বেড়াতে যান নির্যাতনের শিকার ছাত্রী।
পরে গতকাল রোববার বিকেলে ওই কিশোরী খালাবাড়ি থেকে নিজ চাচা বাড়ি চরআড়িয়ারা এলাকায় ফিরে আসে। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে যাবার সময় রাস্তার ওপর থেকে মুখ চেপে ধরে চরআড়িয়ারা গ্রামের মিকাইল মোল্যার ছনের জমিতে নিয়ে চর আড়িয়ারা গ্রামের আলামিন মোল্যা (১৮) ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় ধর্ষককে ওই গ্রামের শিহাব মোল্যা, মকুল মোল্যা, জাহাঙ্গীর মোল্যা ও ইয়াসিন মোল্যা সহযোগিতা করে।
ওই কিশোরীর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
পরে আজ সোমবার সকালে লোহাগড়া হাসপাতালে কিশোরীকে চিকিৎসা দেয়া হয়। এরপর লোহাগড়া হাসপাতাল থেকে পরে তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আমানুল্লাহ আল-বারী আরটিভি অনলাইনকে বলেন, কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে আজ সোমবার পাঁচজনের নামে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেবি




