
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাকে ধাক্কা দিলে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোনা জেলার আব্দুল মজিদের ছেলে গাড়িচালক আমিরুল ( ৩০) ও একই জেলার মনুরুদ্দিনের ছেলে শামীম (৩৫)।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন আরটিভি অনলাইনকে জানান, রাতে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিকআপ ভরাডোবা বাসস্ট্যান্ডের ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন নিহত হন।
পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে পিকআপের চালকসহ দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
জেবি




