
লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর। গ্রীষ্মকালীন রসালো ফল লিচুর বাগানগুলোতে মুকুল আসতে শুরু করেছে থোকায় থোকায়।
ফাল্গুন মাসের প্রথম থেকেই লিচুর গাছগুলোতে ফুল ও মুকুল ধরছে ব্যাপকভাবে।
তবে সঠিকভাবে পরিচর্যা না করলে এসব মুকুল ঝড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লিচু বাগান চাষিরা প্রতিদিন সকাল-বিকাল লিচুর গাছগুলোতে পানি এবং পোকা-মাকড়ের আক্রমণ থেকে রেহাই পাওয়ার জন্য কীটনাশক নিতে আসছেন।
তবে গত বছরের তুলনায় এ বছর লিচুর বাগানের গাছগুলোতে মুকুল বেশি আসায় বাগান চাষিদের মুখে হাসি ফুটতে দেখা গেছে।
হাকিমপুর উপজেলার বিভিন্ন লিচুর বাগান ঘুরে দেখা গেছে, সোনারঙা নাকফুলের সেই মুকুল সুবাস ছড়িয়ে দিচ্ছে বাতাসে। অল্পদিনের মধ্যে প্রতিটি গাছ ভরে যাবে ফুলে ফুলে। হিলির প্রতিটি গ্রাম যেন লিচুর রাজ্যে পরিণত হয়েছে।
হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন জানান, এবার হাকিমপুর (হিলি) উপজেলায় ১৩ হেক্টর জমিতে প্রায় ১১০টি লিচুর বাগান রয়েছে।
আমরা প্রতিনিয়ত লিচু বাগান পরিদর্শন করছি এবং লিচুর বাগান মালিকদের সব ধরনের সেবাসহ পরামর্শ দিয়ে যাচ্ছি। এছাড়াও আমাদের সহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে লিচু চাষিদেরকে লিচুতে যেন কোনও ধরনের পোকা-মাকড়ের আক্রমণ ঘটতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে বলছেন।
জেবি




