
ভোলার উপশহর বাংলাবাজার বালিয়া এলাকার ওষুধ ব্যবসায়ী প্রবির চন্দ্র মাঝিকে ( ৩৫) কুপিয়ে হত্যা করে পাঁচ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার ছোট ভাই সজিব চন্দ্র মাঝি ( ৩০) গুরুত্বর আহত হয়েছেন।
রোববার (২১ জুন) রাত ১০টার দিকে সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ হামলাকারী ও ছিনতাইকারী শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।
জানা যায়, ওষুধ ব্যবসায়ী প্রবীর বটতলা এলাকায় তার ওষুধের দোকান বন্ধ করে ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওনা হন। পথে স্থানীয় ইউপি সদস্য সেলিমের ছেলে সাকিল, ভাতিজা শাহাবুদ্দিন ও রিয়াজসহ ৫/৬ জন দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে তাদের গতি রোধ করেন। কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে পাঁচ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এই সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রবীরকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত সজিব হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনা সঙ্গে জড়িত থাকায় অভিযুক্ত শাহাবুদ্দিনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আর এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।
এ বিষয়ে এলাকার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইফতারুল হাসান স্বপন জানান, সন্ত্রাসী এ গ্রুপটি এলাকায় নানা অপরাধের সঙ্গে যুক্ত। তিনি তাদের কঠোর শাস্তির দাবি করেন।
এদিকে, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ দে ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ও জুয়েলারি সমিতির সম্পাদক অবিনাশ নন্দী এ হামলা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।
এজে




