
গেল ২০ মে দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। প্রাণহানির সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় বাঁধ, রাস্তা, ব্রিজ-কালভার্টসহ অবকাঠামোর পাশাপাশি ঘরবাড়ি, কৃষি এবং চিংড়ি ঘেরসহ মাছের ব্যাপক ক্ষতি হয়। উপকূলীয় অঞ্চলের অনেকেই এখনও ঘর ছাড়া। বেড়ীবাঁধে ও নৌকায় বসবাস করছেন অনেকেই। নষ্ট হয়েছে শিশুদের সুন্দর শৈশব, ভেঙে গেছে অনেকের পোষা স্বপ্ন। এছাড়া বিভিন্ন অঞ্চলে বেড়ীবাঁধ নির্মাণও সম্ভব হয়নি। সব মিলিয়ে উপকূলীয় মানুষের দুর্বিষহ জীবন। ঘূর্ণিঝড় আম্পানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাতক্ষীরা জেলা। ঘূর্ণিঝড় আম্পানের সময় ও আম্পান পরবর্তী সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন অঞ্চলের করুণ অবস্থার কিছু স্থিরচিত্র পাঠিয়েছেন শাহিন বিল্লাহ। পাঠকদের জন্য প্রকাশ করা হলো-

তিন প্রজন্ম, প্রত্যেকে পরিচিত ঝড় জলোচ্ছ্বাসের সাথে আম্পান শেষে ঘরে ফিরছেন তারা। পাতাখালি, পদ্মপুকুর, শ্যামনগর, সাতক্ষীরা।

নদীতে জোয়ার, নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় লোকালয় হয়েছে একটি ছোট সমুদ্র। এলাকার বন্ধুরা একত্রিত হচ্ছে একটি মাছ ধরা ট্রলারে।

দুইদিন যাবৎ কোনো কিছু পেটে যায়নি। শেষে এই উঁচু জায়গাতে চুলা করে ভাত রাঁধতে শুরু করেন তিনি। এমন সময় জোয়ারের পানি ওঠায় চুলা আর জ্বলছে না।

কয়েকদিন ধরে ঘর বাড়ি পানি বন্দি হওয়ায় সব কিছু ফেলে অন্যত্র চলে যাচ্ছে পদ্মপুকুর ইউনিয়নের একটি পরিবার।

জীবিকার তাগিদে কপোতাক্ষ নদীতে বাবা ছেলের মাছ ধরা।

সন্তানদের নিয়ে আশ্রয়কেন্দ্রের দিকে বাবার ছুটে চলা।

খোলপেটুয়া নদীর পানিতে ভিটে মাটি সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে উঁচু ঢিবির উপর নিঃস্ব একটি পরিবার। পদ্মপুকুর, শ্যামনগর, সাতক্ষীরা।

ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরা উপকূলের জরাজীর্ণ বেড়ীবাঁধ ভেঙ্গে নদীর পানি প্রবেশ করে। সকাল বেলা স্বেচ্ছায় বেড়ীবাঁধ বাধতে আসে জনগণ। সেখানে অংশ নেয় স্থানীয় শিশুরা। এই বয়স থেকে তারা প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে চলেছে।

বেড়িবাঁধ বাধতে বড়দের সাথে অংশ নিয়েছে পদ্মপুকুর ইউনিয়নের পশ্চিম পাতাখালি গ্রামের একটি শিশু।

ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরা উপকূলকে ছোট্ট একটি সমুদ্রে পরিণত করেছে নৌকায় তাদের ঘর বাড়ি আর নৌকার বৈঠায় পরিচালিত হচ্ছে সেই জীবন।

ঝড় শেষ হয়ে যাওয়ার পর শিশুরা তাদের চিরচেনা বাড়ির ধ্বংসশেষ মালামাল কুড়িয়ে আশ্রয়কেন্দ্রে ফেরে।

আম্পান পরবর্তী চোখেমুখে ভরা অনিশ্চয়তা।

দুজন মিলেই ভাঙা স্বপ্ন জোড়া দিতে চেষ্টা করছেন।
জিএ




