
অতিরিক্ত সিমেন্ট বোঝাই ট্রাকসহ বেইলী ব্রিজ ভেঙে পড়ে বগুড়ার সঙ্গে সারিয়াকান্দি উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে বগুড়া সারিয়াকান্দি সড়কে গাবতলী উপজেলার সাবাসপুর নামকস্থানে বরুঙ্গী বিলের উপর বেইলী ব্রিজ ভেঙে পড়ে।
জানা গেছে, ১০ চাকার একটি ট্রাক ৫০ টন সিমেন্ট নিয়ে সারিয়াকান্দি যাচ্ছিল। ট্রাকটি সাবাসপুর বরুঙ্গী বিলে সড়ক ও জনপথ বিভাগের বেইলী ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে পড়ে। ঘটনার পর পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, বেইলী ব্রিজটি পুরাতন এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্রিজের ওপর দিয়ে ৫ টনের অতিরিক্ত পণ্য পরিবহন করা যাবে না মর্মে ব্রিজের উভয় পার্শ্বে সাইনবোর্ড দেয়া হয়। কিন্তু কিছুদিন পূর্বে একটি সাইনবোর্ড ভেঙে যায় এবং অপরটি চুরি হয়ে যায়।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ট্রাকটি সরানোর পর ব্রিজটি প্রতিস্থাপনের কাজ শুরু করা হবে। তিনি বলেন ৫০ টন সিমেন্ট বোঝাই ট্রাক অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে যায়। আর এ ঘটনায় ট্রাকের মালিকের নামে মামলা করা হবে।
এজে




