
অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ কাজী শহিদুল ইসলাম পাপুলসহ আট জনের বিরুদ্ধে মামলা করলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগ( সিআইডি)। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সিআইডির সহকারী পুলিশ সুপার (অর্গানাইজ ক্রাইম) আলামিন বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মানিলন্ডারিং আইনে মামলা করেন।
সিআইডির সিনিয়র এএসপি জিসানুল হক জিসান বলেন, এজাহারভুক্ত ছাড়াও আরও ৪/৫ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। যারা বিভিন্ন সময় মানবপাচারের আড়ালে নিজস্ব প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে বিপুল পরিমাণ টাকা লেনদেন করেছেন। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হবে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এমপি পাপুল, তার ব্যক্তিগত কর্মচারী মো. সাদিকুর রহমান, শালি জেসমিন প্রধান, মেয়ে ওয়াফা ইসলাম, ভাই বদরুল আলম লিটন, জব ইন্টারন্যাশনালের ম্যানেজার গোলাম মোস্তফা, জেসমিন প্রধানের মালিকানাধীন কম্পানি জে ডব্লিউ. লিলাবালি ও লিটনের মালিকানাধীন জব ইন্টারন্যাশনাল কোম্পানির অ্যাকাউন্টে এসব টাকা লেনদেন করা হয়।
এজাহারে বলা হয়েছে, আসামিরা মানবপাচারকারী চক্র। তারা বিভিন্ন সময় ৩৮ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা অবৈধভাবে আয় করেছেন। যার সঙ্গে পাপুল ও তার মেয়ের প্রতিষ্ঠান জড়িত।
এফএ




