
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে হাইকোর্ট বিভাগের এক প্রশাসনিক কর্মকর্তা মারা গেছে। তার নাম তারিকুজ্জামান মুকুল (৪৫)। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে দুই নম্বর প্লাটফর্মের রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
রেলওয়ে থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ওই কর্মকর্তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, ওই ব্যক্তি ঢাকা থেকে ছেড়ে যাওয়া মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জানা গেছে, মৃত তারিকুজ্জামান দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায়। তবে কী কারণে তিনি কমলাপুর রেলস্টেশন এলাকায় এসেছিলেন, সে বিষয়ে কিছুই জানা যায়নি।
কেএফ/টিআই




