
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ অন্যদের ওপর হামলার ঘটনায় ৪৩ জনকে আসামি করে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, সোমবার মধ্যরাতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।
রোববার ডাকসু ভিপি নুরুল হককে তার কক্ষে ঢুকে লাইট বন্ধ করে বাঁশ ও রড দিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। তাদের মধ্যে গতকাল রাত পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন।
ঘটনার সময় হামলাকারীরা পরিষদের যুগ্ম-আহ্বায়ক এপিএম সুহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেন। সুহেল হাসপাতালে ভর্তি আছেন। সুহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েক দফা মারধরের শিকার হন আরেক যুগ্ম আহ্বায়ক ফারাবী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে প্রায় ২০ থেকে ২৫ জন এবং ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সমর্থক শতাধিক নেতাকর্মী রড, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে দুপুরে এ হামলা চালায়।
আহতদের মধ্যে তুহিন ফারাবিকে গতকাল ঢামেক হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। এছাড়া ভিপি নুরুল হক নুর ৩৫ নম্বর কেবিনে আর সুহেল, ফারুক ও আমিনুর ৩৬ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন। এই পাঁচজনের চিকিৎসার বিষয়ে ৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত তূর্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পি




