
বাংলাদেশের উন্নয়ন এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রচারণা চালাবে আন্তর্জাতিক গণমাধ্যম কেবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন)। বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সঙ্গে এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) গুলশানে বেক্সিমকো কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়। সমঝোতার আওতায় চলতি ডিসেম্বর মাস থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রচারণা চালাবে সিএনএন।
এফবিসিসিআইয়ের পক্ষে সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন ও সিএনএনের পক্ষে প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক (সেলস) অভিজিৎ ধর সমঝোতা স্মারকে সই করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি বলেন, আগামী বছরের মার্চে এফবিসিসিআই এর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ আয়োজন করতে যাচ্ছে। এ বিজনেস সামিটের মাধ্যমে দেশের বিগত সময়ের সফলতা ও সম্ভাবনা সম্পর্কে জানতে পারবেন বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা। যা বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করতে আকৃষ্ট করবে। গত ৫০ বছরে বাংলাদেশের অগ্রযাত্রা এবং আগামীর উন্নয়ন সম্ভাবনার কথা সামিটে তুলে ধরা হবে।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এ সামিটে টেক্সটাইল, গ্রিন, সার্কুলার ইকোনমির সম্ভাবনাময় খাতগুলোর প্রদর্শনী হবে। এর মাধ্যমে বাংলাদেশে অনেক দেশের ব্যবসা-বাণিজ্য স্থানান্তরের সুযোগ তৈরি হবে। সামিটে বীর মুক্তিযোদ্ধা ব্যবসায়ীসহ দেশের অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়ীদের সম্মানিত করা হবে।
তিনি বলেন, আমরা এই সামিটের আন্তর্জাতিক মিডিয়া পার্টনার হিসেবে সিএনএনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। গণমাধ্যমটি আমাদের অনুষ্ঠানের খবর বিশ্বব্যাপী প্রচার করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, পরিচালক সৈয়দ সাদাত আলমাস কবির, সালাউদ্দিন আলমগীর, আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ), মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক ও আবুল কাসেম খান প্রমুখ।




