
২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পর্দা উঠছে রোববার (১ জানুয়ারি)। দ্বিতীয়বারের মতো পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা বসবে।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বাণিজ্যমেলার উদ্বোধন করবেন।
মাসব্যাপী এই বাণিজ্যমেলা মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। মেলার টিকিট অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ থাকবে।
মেলায় দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য দুটি হলের বাইরে মিলে মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। এ ছাড়া মেলা উপলক্ষে যাত্রী আনা-নেওয়ার জন্য ৫০টি শাটল বাস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন। বাসগুলো কুড়িল থেকে ভেন্যু পর্যন্ত যাতায়াত করবে। বাসের ভাড়া যাত্রীপ্রতি ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পূর্বাচলে বাণিজ্য মেলার এটি দ্বিতীয় আসর। ২০২২ সালে প্রথমবারের মতো পূর্বাচলে স্থায়ী কেন্দ্রে বাণিজ্য মেলা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত ২৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করেছে। রাজধানীতে বাণিজ্যমেলার ২৭তম আসর এটি। এর আগে ২৫টি মেলা হয়েছে রাজধানীর শেরেবাংলা নগরে অস্থায়ী কেন্দ্রে।




