
রেমিট্যান্সে প্রণোদনা পাবেন সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরা। শান্তি রক্ষা মিশন থেকে অর্জিত রেমিট্যান্সের সঙ্গে এ প্রণোদনা দেওয়া হবে।
রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করেছে। এ জন্য বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে সার্কুলার পাঠানো হয়েছে।
প্রণোদনা নিতে কিছু কার্যপদ্ধতি অনুসরণ করার কথা সার্কুলারে বলা হয়েছে।
সেগুলো হলো- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনা, বিমান, নৌ ও পুলিশ বাহিনীর সদস্যদের প্রাপ্ত অর্থের বিপরীতে প্রণোদনার অর্থ ছাড় করাতে সংশ্লিষ্ট সংস্থা সদস্যদের প্রাপ্যতার তালিকাসহ ব্যাংক বরাবর আবেদন করবেন।
প্রণোদনার অর্থ ছাড় করানোর জন্য সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট (এবিডি) বরাবর আবেদন করতে হবে।
অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট (এবিডি) সরকারের কাছ থেকে তহবিল পাওয়া সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যাংক বরাবর অর্থ ছাড় করবে।
সশস্ত্র বাহিনীর প্রদত্ত তালিকা অনুসারে সংশ্লিষ্ট ব্যাংক সশস্ত্র বাহিনীর নিজ নিজ ব্যাংক হিসাবে প্রণোদনার অর্থ জমা করবে।
সার্কুলারে আরও বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সদস্যদের বিদেশে অবস্থানকালীন অর্জিত অর্থ বৈধ উপায়ে দেশে পাঠালে ওই অর্থের বিপরীতে প্রণোদনা দেওয়া হবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত রেমিট্যান্সের ওপর ২ শতাংশ হারে এবং ২০২২ সালের ১ জানুয়ারি থেকে রেমিট্যান্সের ওপর ২ দশমিক ৫ শতাংশ হারে প্রণোদনা প্রদান করা হবে।




