
২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। মেলা উপলক্ষে যাত্রী আনা-নেওয়ার জন্য ৫০টি শাটল বাস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন।
বাসগুলো কুড়িল থেকে ভেন্যু পর্যন্ত যাতায়াত করবে। বাসের ভাড়া যাত্রীপ্রতি ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিকাশের মাধ্যমে ভাড়া পরিশোধ করলে ৫০ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য মেলার উদ্বোধন করবেন। পূর্বাচলে বিবিসিএফইসিতে মাসব্যাপী এ মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।
মেলায় মোট ৩৩০টি স্টল ও প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে এবং বিদেশি কোম্পানির জন্য ২০টির মতো স্টল বরাদ্দ করা হবে বলে জানান ইপিবি চেয়ারম্যান।
পূর্বাচলে বাণিজ্য মেলার এটি দ্বিতীয় আসর। ২০২২ সাল থেকে পূর্বাচলে স্থায়ী কেন্দ্রে বাণিজ্য মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত ২৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করেছে। রাজধানীতে বাণিজ্যমেলার ২৭তম আসর এটি।
এর আগে সবগুলো মেলা হয়েছে রাজধানীর শেরেবাংলা নগরে অস্থায়ী কেন্দ্রে। চীনের অর্থায়নে পূর্বাচলে স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখন থেকে প্রতিবছর এখানেই আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর বসবে। মেলার সময় রাজধানীতে যানজট নিরসনে বাণিজ্য মেলার ভেন্যু ঢাকার শেরেবাংলা নগর থেকে পূর্বাচলে স্থানান্তর করা হয়েছে।




