‘আম্মা বলতেন তোর তামিম-মাশরাফী-সাকিব ভাইদের সঙ্গে কবে খেলবি’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ মে ২০২৪ , ০৫:১৩ পিএম


জাকের আলি
ছবি- গেটি ইমেজ

‘ছেলেটা কালো এজন্যই হয়তো তার দিকে নজর পড়ে না নির্বাচকদের’ সালাউদ্দিনের এই একটি কথাতেই বদলে গিয়েছে জাকের আলি অনিকের ক্রিকেট ক্যারিয়ার। জাতীয় দলে ডাক এবং মাত্র দুটি সিরিজ খেলেই পেয়েছেন বিশ্বকাপের টিকিট।

নিজের এমন অর্জনের মধ্য দিয়ে মায়ের স্বপ্নও পূরণ হয়েছে বলে জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। মঙ্গলবার (২৮ মে) বিসিবির প্রকাশিত এক ভিডিওতে বিশ্বকাপ ও নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন জাকের। 

জাতীয় দলে খেলা এবং মায়ের স্বপ্ন পূরণ নিয়ে জাকের বলেন, আমার কাছের সবাই খুব গর্ববোধ করে। আম্মার স্বপ্ন ছিল, আমি দেশের হয়ে খেলব। উনি সব সময় বলতেন, ‘তোর তামিম ভাই, সাকিব ভাই, মাশরাফী ভাইদের দলে তুই কবে খেলবি।’ এটাই আমার আম্মার স্বপ্ন ছিল। আর এখন উনি খুব গর্ববোধ করেন। 

‘আব্বা যত দিন ছিলেন, তিনি মাঠে বসে থাকতেন। আব্বা যখন থাকতেন না, আমার বোন নিয়ে যেত। আমার বড় ভাইকে দেখে ক্রিকেট খেলার প্রতি আগ্রহ তৈরি হয়। আমি যখন ক্রিকেট দেখা শুরু করি, সে সময় আমার ভাইও ক্রিকেট খেলত। এসব কারণে সবার ভালো সমর্থন পেয়েছি।’ 

‘আমি ২০১০ সালে বিকেএসপিতে ট্রায়াল দিই, এখানে আসার পরই স্বপ্নগুলো বড় হতে থাকে। শুরুতে স্বপ্ন এত বড় ছিল না। তবে এখানে এসে যখন বড় ভাইদের দেখলাম, তখন মনে হলো স্বপ্নগুলো বড় করতে হবে। যদি আমি হবিগঞ্জে বসে থাকতাম, আমার মনে হয় না এতদূর আসতে পারতাম।’

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিজের দলকে নিয়ে তিনি বলেন, দল হিসেবে আমি চাইব, আমরা প্রতিটা ম্যাচে ভালো পারফরম্যান্স করে দেখাতে এবং জিততে। নিজের দেশের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে। 

‘এই বিষয়টা সব সময় ভাবনায় কাজ করে। ইচ্ছা থাকবে, আগে যেসব জিনিস অর্জন করতে পারিনি, সব কিছু যেন এবার অর্জন করতে পারি।’

নিজের ব্যক্তিগত লক্ষ্য ও বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে জাকের বলেন,‘যখন থেকে শুনলাম যে আমি দলে আছি, তখন থেকেই ম্যাচ বাই ম্যাচ দেখা শুরু করে দিয়েছি। কার সঙ্গে কীভাবে খেলতে হবে, কোন প্রতিপক্ষের সঙ্গে কী রকম কৌশলে নিতে হবে, সেগুলো নিয়ে ভাবছি। সেভাবেই এগোচ্ছি।


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission