
আগামী শুক্রবার সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে শুরু হচ্ছে বিমা মেলা। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
দুইদিনের এই মেলায় গ্রাহকদের ১৮ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকার দাবি পরিশোধ করা হবে।
সোমবার রাজধানীর মতিঝিলে আইডিআরএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী এসব তথ্য জানান।
তিনি বলেন, অর্থমন্ত্রীর উপস্থিতিতে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিমা গ্রাহকের ৪ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার ৪১৯ টাকার দাবি পরিশোধ করা হবে।
পরে বিমা কোম্পানিগুলোর স্টল থেকে আরো ১৩ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ১৬৭ টাকা পরিশোধ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এম.এ মান্নান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ৩০টি কোম্পানি অংশ নেবে। এর মধ্যে জীবন বিমা কোম্পানি ১৬টি এবং সাধারণ বিমা ১৪টি।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, বিমা খাত সম্পর্কে সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা দূর করে জনসচেতনতা বাড়াতে এবার ‘নিরাপদ ভবিষ্যতের জন্য বিমা’ শ্লোগানে এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় সহযোগিতা করবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম।
এসআর




