
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে রোববার (৪ আগস্ট) নিয়োগ পেয়েছেন মো. ওমর ফারুক খান।
রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের এক চিঠিতে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। ২০২৮ সালের ৩০ জুলাই পর্যন্ত তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, ওমর ফারুক খাঁন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি এনআরবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ওমর ফারুক খাঁন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগদান করেন। পেশাগত জীবনে তিনি প্রধান কার্যালয়ে ট্রেজারি, ফরেন ট্রেড, করপোরেট ইনভেস্টমেন্টসহ বিভিন্ন উইং, ডিভিশন এবং জোন, লোকাল অফিস ও শাখা প্রধানসহ বিভিন্ন পদে প্রায় চার দশক সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (IBB) এর একজন ডিপ্লোমড অ্যাসোসিয়েট এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (CDCS) ডিগ্রিধারী। এই ডিগ্রি প্রদান করে দ্য লন্ডন ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, যা আন্তর্জাতিক চেম্বার অব কমার্স (ICC) অনুমোদিত।
ব্যাংকিং ও ক্রেডিট ম্যানেজমেন্ট বিষয়ে তিনি সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, চীন, মালয়েশিয়া, কাতার, থাইল্যান্ড, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও নেপালসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। ১৯৬৩ সালে তিনি লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন।
আরটিভি/একে




