
দেশের বাজারে সোনার দাম নতুন রেকর্ড স্পর্শ করেছে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম বেড়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা পৌঁছেছে। বাজারে সোনার চাহিদা বৃদ্ধির মধ্যে, বিদেশ থেকে সোনার আনার ক্ষেত্রে যাত্রীদের জন্য নতুন শুল্কমুক্ত সুবিধা চালু হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ জারি করেছে। এই বিধিমালা অনুযায়ী, বিদেশ থেকে দেশে ফেরার সময় একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার অলংকার বা ২০০ গ্রাম রুপার অলংকার শুল্কমুক্তভাবে আনতে পারবেন। তবে এক ধরনের গয়না ১২টির বেশি আনা যাবে না।
এছাড়া, বিশেষ শুল্ক (প্রতি তোলা ৫ হাজার টাকা) দিয়ে একজন যাত্রী বছরে ১০ তোলা ওজনের সোনার বারও দেশে আনতে পারবেন।
বাংলাদেশে পৌঁছানোর পর যাত্রীদের ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ করতে হয়। তবে যদি আনা সোনা নির্ধারিত সীমার মধ্যে থাকে, তাহলে এই ফরম পূরণ করার প্রয়োজন নেই। শুল্কমুক্ত পণ্য নিয়ে যাত্রীরা সরাসরি গ্রিন চ্যানেল দিয়ে বিমানবন্দর ত্যাগ করতে পারবেন।
দেশে সোনার নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা। তবে স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। এতে বিদেশ থেকে স্বর্ণ আনার পরিকল্পনা করছেন এমন যাত্রীদের জন্য সুবিধা আরও বৃদ্ধি পেয়েছে।
দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, সবশেষ গত ১৪ অক্টোবর দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা এতদিন ছিল দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছিল ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা। যা কার্যকর হয়েছিল ১৫ অক্টোবর থেকে।
এ নিয়ে চলতি বছর মোট ৬৬ বার দেশের বাজারে সমন্বয় করা হলো সোনার দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৮ বার, আর কমেছে মাত্র ১৮ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার। সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়। যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০২ টাকায়।
আরটিভি/এসকে




