
দুবাই ও বৈশ্বিক বাজারে আবারও চাঙা হয়ে উঠছে সোনার দাম। দীপাবলি উৎসবের পর হঠাৎ পতনের মুখে পড়লেও এখন ধীরে ধীরে পুনরুদ্ধার করছে মূল্য।
শুক্রবার (২৪ অক্টোবর) আরব আমিরাতের দুবাইয়ে ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রাম ৪৯৫ দশমিক ৭৫ দিরহাম এবং ২২ ক্যারেটের দাম ৪৫৮ দশমিক ৭৫ দিরহাম। গত দুই দিনে প্রায় ৬ শতাংশ কমলেও শুক্রবার দাম বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। খবর গালফ নিউজ।
বিক্রেতারা জানাচ্ছেন, নতুন দামের সঙ্গে মানিয়ে ক্রেতারা আবার দোকানে ফিরতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য সমঝোতা নিয়ে ইতিবাচক ইঙ্গিত আসায় সোনা নিরাপদ বিনিয়োগের প্রবণতা কিছুটা কমেছে। তবে বছরজুড়ে এখনো সোনার দাম প্রায় ৫৫ শতাংশ বেশি।
বিশ্লেষকরা বলছেন, বাজারে অস্থিরতা থাকলেও বিনিয়োগকারীরা ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় সক্রিয়ভাবে হেজিং চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে সোনা-সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) থেকে বড় অঙ্কের তহবিল তুলে নেওয়া হয়েছে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।
জুলিয়াস বেয়ার ইনভেস্টমেন্ট ব্যাংকের নেক্সট জেনারেশন রিসার্চ প্রধান কার্স্টেন মেঙ্কে বলেন, সোনার দামে সাময়িক পতন স্বাভাবিক। বড় উত্থানের পর কিছুটা স্থিতিশীলতা বাজারের জন্য স্বাস্থ্যকর।
তার মতে, সোনার ভিত্তিগত অবস্থা এখনো মজবুত। নিরাপদ বিনিয়োগের চাহিদা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বৃদ্ধি, সুদ কমার সম্ভাবনা এবং দুর্বল ডলারের কারণে সোনা এখনো শক্ত অবস্থানে রয়েছে। উদীয়মান অর্থনীতিগুলো ডলার নির্ভরতা কমাতে সোনা মজুত বাড়াচ্ছে, যা এই ধাতুর মূল্যকে আরও স্থিতিশীল করছে।
দাম কিছুটা কমে আসায় সংযুক্ত আরব আমিরাতে খুচরা বিক্রি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যবসায়ীদের আশা, ২৪ ক্যারেট সোনার দাম যদি ৫০০ দিরহামের নিচে থাকে, তাহলে সামনে ক্রেতাদের ভিড় আরও বাড়বে।
এর আগে, গত বুধবার রাতে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সেই সময় ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। গত দুদিন কোনো পরিবর্তন না হওয়ায় শনিবার (২৫ অক্টোবর) দেশের বাজারে ভরিতে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকায় বিক্রি হবে সোনা। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে এক লাখ ৪২ হাজার ২০৯ টাকায়।
সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম থাকছে ৫ হাজার ৪৭০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৩৫৯ টাকায়।
আরটিভি/এসকে




