
তৈরি পোশাক খাতে কর্মক্ষেত্র-সংক্রান্ত সব ধরনের অভিযোগ এখন থেকে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি) নিষ্পত্তি করবে।
সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, আরএসসির বোর্ড অব ডিরেক্টরস গত ২০ অক্টোবর এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। নতুন এই বিস্তৃত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা (কম্প্রিহেনসিভ কমপ্লেইন্টস মেকানিজম-সিসিএম) কার্যকর হবে আগামী ১৬ নভেম্বর থেকে।
এই উদ্যোগের মাধ্যমে তৈরি পোশাক খাতের মালিক, শ্রমিক ও ব্র্যান্ড— তিন পক্ষের অংশগ্রহণে একটি ঐক্যবদ্ধ ও স্বচ্ছ প্ল্যাটফর্ম গড়ে উঠবে, যেখানে কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা দ্রুত ও ন্যায্যভাবে সমাধান করা যাবে।
পেশাগত নিরাপত্তার পাশাপাশি নতুন এই ব্যবস্থায় এখন থেকে দেখা হবে—
১. অন্যায্য চাকরিচ্যুতি বা চুক্তি সংক্রান্ত অভিযোগ
২. বেতন, ভাতা ও ছুটির বিষয়
৩. সংগঠন করার স্বাধীনতা ও যৌথ দরকষাকষি অধিকার
৪. শিশুশ্রম, জোরপূর্বক শ্রম ও বৈষম্যের অভিযোগ।
আরএসসি জানায়, নতুন এই ব্যবস্থা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে, ১৬ নভেম্বর থেকে ৫৮টি ব্র্যান্ড এবং ১ হাজার ১৮৫টি কারখানা এই প্রক্রিয়ার আওতায় আসবে। ছয় মাস পর দ্বিতীয় ধাপে বাকি সব ব্র্যান্ড ও কারখানাকে অন্তর্ভুক্ত করা হবে।
আরটিভি/আরএ




